
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সক্রিয় একটি মাদক চক্রের কাছ থেকে পৃথক অভিযানে এ পর্যন্ত ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর মধ্যে ৪টি অস্ত্র থানা থেকে লুট করা।
সর্বশেষ গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২টি তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন সজীব (২৮), হিমু (৩২), তুষার (২৫), জয় (২৫), টুটুল (৩৩) ও ইমরান (৩৪)।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে একটি প্রাইভেট কারে ঢাকায় মাদক আসছে—এমন খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ মাতুয়াইলের মুক্তি পেট্রলপাম্পের সামনে চেকপোস্ট বসায়। পরে সাদা রঙের একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হলেও তাঁদের শরীর ও গাড়ি তল্লাশি করে তাৎক্ষণিকভাবে কোনো মাদক পাওয়া যায়নি।
পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে গেন্ডারিয়া থানার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে মাদক থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২টি তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেট কার ও ছয়টি মুঠোফোন জব্দ করার কথা জানায় পুলিশ।
মো. ফারুক হোসেন বলেন, আটক হওয়া সজীব রাজধানীর ওয়ারী এলাকার শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্র–মাদকের গডফাদার সজল ওরফে অটো সজলের ছোট ভাই। সজল গ্রেপ্তার হওয়ার পর তাঁর অপরাধ–সাম্রাজ্য নিয়ন্ত্রণে নেন সজীব।
এ ঘটনায় আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ব্রিফিংয়ে আরও বলা হয়েছে, এর আগে গত ২ মার্চ অবৈধ মাদক উদ্ধারের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজধানীর ওয়ারী থানায় মামলা হয়। তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১টি ৯ এমএম পিস্তল, ১টি ৩২ বোর রিভলবার, ১টি ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল ও ২৩টি গুলি উদ্ধার করা হয়।
আদালতে দেওয়া ওই তিনজনের জবানবন্দিতে বলা হয়েছে, এ ঘটনায় ব্যবহার হওয়া অস্ত্র সজল সরবরাহ করেছিলেন।
পরে গত ১৮ জুন সায়েদাবাদ এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে স্বামীবাগ এলাকায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৭৭টি তাজা গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা ও ৪টি মুঠোফোন উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২ মার্চের অভিযানে উদ্ধার হওয়া ৩টি অস্ত্র, ১৮ জুন উদ্ধার হওয়া ২টি পিস্তল এবং সর্বশেষ গতকালের অভিযানে ৪টি পিস্তিলসহ একই চক্রের কাছ থেকে মোট ৯টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪টি অস্ত্র থানা থেকে লুট করা।