ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে বেলা সোয়া একটার দিকে। ১৫ সেপ্টেম্বর
ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে বেলা সোয়া একটার দিকে। ১৫ সেপ্টেম্বর

সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

আজ মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ককটেল বিস্ফোরণের স্থানটি ইট দিয়ে চিহ্নিত করে রাখাি হয়েছে। ১৫ সেপ্টেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে আজ দুপুরে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায় ঘোষণার পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, বেলা ১টা ১৫ থেকে ১টা ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসেন। তাঁরা মূল ফটকের সামনে সড়কে ককটেল ছুড়ে পালিয়ে যান। ককটেল বিস্ফোরিত হয়।

ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। ১৫ সেপ্টেম্বর

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন বলে জানান ওসি মো. মনিরুজ্জামান।

ওসি মো. মনিরুজ্জামান বলেন, ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।