বসুন্ধরা এলাকার বাসায় মুফতি রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৮ নভেম্বর
বসুন্ধরা এলাকার বাসায় মুফতি রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৮ নভেম্বর

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো ও মুসল্লিদের ওপর হামলা, চুরিসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

ওই আবেদনে বলা হয়, এই মামলার গ্রেপ্তার আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঘটনার দিন তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত ছিলেন এবং তার সামনেই এই মামলার ঘটনা সংঘটিত হয়। এ ছাড়া তিনি মামলার বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আসামির কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।

১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য প্রবাসফেরত এক ব্যবসায়ী বায়তুল মোকাররম মসজিদে যান। জুমার নামাজের আগে বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশন থেকে দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে ইমামকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন। এ ঘটনায় বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতর জখম হয়। এ ছাড়া অন্য আসামিদের হামলায় আরও ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন। হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ওই ঘটনায় হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান নামের ওই প্রবাসী বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন। মামলায় রুহুল আমিনসহ অন্যদের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। মুফতি রুহুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন।