রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৭টি মামলা করেছে পুলিশ।
গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত চলা অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ২৭ জন, লালবাগের ২২ জন, ওয়ারী বিভাগের ৪৮ জন, মতিঝিলের ৭২ জন, তেজগাঁওয়ের ৪৫ জন, মিরপুরের ১১২ জন, গুলশানের ৩৫ জন এবং উত্তরা বিভাগের ৫৩ জন রয়েছেন।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৩টি গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা বড়ি, প্যাথেড্রিন ইনজেকশন নেওয়ার ১৮টি সিরিঞ্জ ও ২৪টি সুই, ইয়াবা সেবনে ব্যবহৃত ৮টি ফয়েল পেপার, ১৩টি মুঠোফোন, ৫টি নিষিদ্ধ লিফলেট, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, একটি ট্রাক, একটি প্রাইভেট কার, দুটি সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে গত বুধবার দিবাগত রাত ১২টা ডিএমপি রাজধানীতে অভিযান চালিয়ে ৪৬৬ ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৫৭টি মামলা করা হয়েছে।