
বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার বিকেলে রাজধানীতে আরও একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
বেলা পৌনে তিনটার দিকে শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু এয়ারপোর্ট পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, বাসটি গুলিস্তান থেকে যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বেলা পৌনে তিনটার দিকে শাহবাগ মোড়ে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে তারা বাসের আগুন নিভিয়ে ফেলে।
এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর জিগাতলায় রজনীগন্ধা পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।
বিএনপির ডাকে একাদশতম দফার এই অবরোধ শুরু হয় গতকাল মঙ্গলবার সকাল ছয়টায়, অবরোধ শেষ হবে আজ সন্ধ্যা ছয়টায়।
গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এর পর থেকে দলটি এক-দুই দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীন নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করছে বিএনপি।
২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত (১৩ ডিসেম্বর) সারা দেশে ২৫০টির বেশি যানবাহনে (ট্রেন ছাড়া) অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস সূত্র ও প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে যানবাহনে অগ্নিসংযোগের এই হিসাব পাওয়া গেছে।