পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ অন্য কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে
পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ অন্য কর্মকর্তারা। আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে

পুলিশের অপরাধ পর্যালোচনা সভা

চাঁদাবাজ-সন্ত্রাসীদের দলীয় পরিচয় না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দলীয় পরিচয় বিবেচনা না করে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী কেউ রয়েছেন কি না, তা খুঁজে বের করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় গত আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাসহ দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনার কোনো সুযোগ নেই। অপরাধীর একমাত্র পরিচয় অপরাধী। তিনি কিশোর অপরাধীদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।

মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ অবস্থান পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, মাদকদ্রব্য রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দপ্তরে উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. সায়েদুর রহমান। তিনি বলেন, কিশোর গ্যাং সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তাদের পেছনে কোনো প্রভাবশালী রয়েছেন কি না, তা উদ্‌ঘাটন করে ব্যবস্থা নিতে হবে।

দুর্গাপূজার নিরাপত্তা পরিকল্পনার নির্দেশ

আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের জন্য সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি। পাশাপাশি গুজব ও অপপ্রচার রোধে ব্যবস্থা নিতে বলেন তিনি।

অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি ইউনিটকে নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে হবে। পূজা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার হতে পারে। এ বিষয়ে সজাগ ও সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের যথাযথভাবে ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহারেরও নির্দেশ দেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপর জোর দেন সায়েদুর রহমান। পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

সভায় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশের ওপর হামলা ও অপহরণের মামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, মামলার তদন্ত, বিচারের ফলাফল ও সাজার হার পর্যালোচনা করা হয়।