
চট্টগ্রামে এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকার একটি কাঁচা ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাঁর নাম-পরিচয় প্রাথমিকভাবে পুলিশ জানাতে পারেনি।
নগর পুলিশের (উত্তর) উপকমিশনার মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, তিন ব্যক্তি এক মাস আগে ঘরটি ভাড়া নেন। গত শনিবার থেকে ঘরটির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের মালিকের ধারণা ছিল, তাঁরা কোথাও বেড়াতে গেছেন। কিন্তু আশপাশের লোকজন ঘরটি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা লাশ পায়।
মোখলেসুর রহমান আরও বলেন, ঘরটির মালিক ভাড়াটেদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেননি। পরিচয়পত্র থাকলে লাশটির পরিচয় সহজে শনাক্ত করা যেত।
ঘরের মালিক সেনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, তিন ভাড়াটে ঢাকা থেকে এসেছেন বলে তাঁকে জানিয়েছিলেন। তাঁরা নিজেদের পেশায় দিনমজুর বলে দাবি করেছিলেন।
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে বলে জানায় পুলিশ।