
রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ মঙ্গলবার এই আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)।
এ মামলায় আট আসামির মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়ে কারাগারে। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামি শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, সাবেক অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, সাবেক যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় ও সাবেক যুগ্ম কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন পলাতক।
এই আসামিদের বিরুদ্ধে ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ তরুণকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ি নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটকে রেখে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াট ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সদস্যরা গুলি করে হত্যা করেন। পরে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তাঁরা প্রচার করেন।