
রাজধানীতে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হোসেন আলী (৬০) নামে একজন ঠিকাদার গুরুতর আহত হয়েছেন। আজ রোববার রাত আটটার দিকে উত্তর ভাষানটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হোসেন আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোসেন আলীকে হাসপাতালে নিয়ে যান আবুল কালাম নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি বলেন, তাঁর বাসার সামনে হোসেন আলীর অফিস। ওই অফিসে ঢুকে ১৫–২০ জন ব্যক্তি অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হোসেন আলীকে আঘাত করে। হোসেন আলীর দুপায়ের উঁরু ও কোমরসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে।
তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সোয়া ১০টায় ঢামেকে নেওয়া হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হোসেন আলীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাতে তিনি বলেন, হোসেনের অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।