
রাজধানীর উত্তরায় জুলাই গণ-অভ্যুত্থানে মীর মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী মামলায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসানসহ ২৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য ২০ আগস্ট তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আজ সোমবার আসামিপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের এই দিন ধার্য করেন। শুনানিকালে আসামিদের আইনজীবীরা আনুষ্ঠানিক অভিযোগ থেকে তাঁদের মক্কেলদের অব্যাহতির আবেদন জানান। অন্যদিকে গত ২১ জুলাই প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আরজি জানানো হয়।
এ মামলার আসামিদের মধ্যে আটজন বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁরা হলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান, সাবেক কনস্টেবল হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী এবং আওয়ামী লীগ নেতাদের সহযোগী দেলোয়ার হোসেন, মো. শাহ আলম ও মো. ইরফানুল হক গাজী। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
মামলার অন্য ১৮ জন আসামি পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম, সাবেক এডিসি তৌহিদুল ইসলাম, সাবেক এসি সুমন কর এবং উত্তরা পশ্চিম থানার সাবেক ওসি বি এম ফরমান আলী।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে এ মামলায় দুটি আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের হাসপাতালে নিতে সহযোগিতার পাশাপাশি আন্দোলনরত ছাত্র-জনতার মধ্যে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সে সময় তিনি গুলিবিদ্ধ হন। উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। একই দিন উত্তরা এলাকায় জাহিদুজ্জামান তানভীন, শেখ ফাহমিন জাফর, মো. শাকিল হোসেন, মো. সাব্বির হোসেন ও সজীব সরকারকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া সেদিন উত্তরায় সাঁজোয়া যানের (এপিসি) পেছনের চাকায় পিষ্ট করে উবারচালক মোখলেসুর রহমান দুর্জয়কে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।