
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের ৩২ সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। র্যাবের ভাষ্য, এই ব্যক্তিরা সন্ধ্যার পর ছিনতাইয়ে নামতেন। তাঁরা ছিনতাইয়ের জন্য নিশানা করা ব্যক্তিকে প্রথমে সালাম দিতেন। পরে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন।
গতকাল রোববার মতিঝিল, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, শাহজাহানপুর ও কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে এই ৩২ জনকে গ্রেপ্তার করে র্যাব-৩। র্যাব-৩-এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক আজ সোমবার সকালে প্রথম আলোকে এই তথ্য জানান।
ফারজানা হক বলেন, ছিনতাইয়ের অভিযোগে এই ৩২ জন আগেও গ্রেপ্তার হয়েছিলেন। পরে তাঁরা জামিনে ছাড়া পেয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন।
র্যাব-৩-এর পক্ষ থেকে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি মতিঝিল এলাকা থেকে এক নারীর সোনার চেইন ছিনতাই হয়। তিনি র্যাব-৩-এ অভিযোগ করেন। এ ছাড়া বেশ কিছু ভুক্তভোগী র্যাব-৩-এর কাছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার অভিযোগ করেন। পরে র্যাব-৩ সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন দলনেতা আছেন। তাঁরা হলেন মাসুম ও মোহাব্বত।
র্যাব-৩-এর কর্মকর্তা ফারজানা হক বলেন, মূলত সন্ধ্যার পর ছিনতাইকারী দলের সদস্যরা সক্রিয় হন। ভোররাত পর্যন্ত তাঁরা ছিনতাই করেন। প্রথমে তাঁরা কাউকে নিশানা (টার্গেট) করেন। কাছে গিয়ে সালাম দেন। পরে তাঁরা তাঁর কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন। কেউ মূল্যবান জিনিসপত্র দিতে না চাইলে তাঁরা ধারালো অস্ত্রের ভয় দেখান।