গ্রেপ্তার
গ্রেপ্তার

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে ১২ হাজার ইয়াবা ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৫

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে ১২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেট, গাঁজা, বিপুল পরিমাণ অর্থসহ এক মাদক কারবারি ও তাঁর চার সহযোগীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে সেনাবাহিনী।

গত কয়েক দিনে গ্রেপ্তার হওয়া কয়েকজন মাদক কারবারির দেওয়া তথ্যের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্প জানতে পারে, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে আসছেন মাদক কারবারি রাজু (৩৫)। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউন হল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের প্রথম ধাপে রাত ২টার দিকে টাউন হল রোড এলাকা থেকে রাজুকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও যাচাই-বাছাইয়ের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় আরও অভিযান চালানো হয়। এ সময় তাঁর চার সহযোগী রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে সেনাবাহিনী ১২ হাজার ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ টাকা। এ ছাড়া ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের দুটি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১২টি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া সবাই ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগে গ্রেপ্তার হওয়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, উদ্ধার করা মাদক চুয়া সেলিম নামের আরেক মাদক কারবারির কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল। তবে অভিযান চলাকালে তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ সিন্ডিকেটের বাকি সদস্যদের গ্রেপ্তারে আরও অভিযান চালানো হবে বলেও জানান তিনি। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।