রাজধানীর আদাবরের বাড়িটিতে হামলার ঘটনা ঘটে গত শনিবার সকালে। বাড়িটির জানালার কাচ ভাঙচুর করে দুর্বৃত্তরা
রাজধানীর আদাবরের বাড়িটিতে হামলার ঘটনা ঘটে গত শনিবার সকালে। বাড়িটির জানালার কাচ ভাঙচুর করে দুর্বৃত্তরা

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, আদাবরে বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলচেষ্টার ঘটনায় আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

ডিএমপি জানিয়েছেন, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি ডিএমপি।

আদাবরের বাড়িটিতে হামলার ঘটনা ঘটে গত শনিবার সকালে। রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল এই হামলা চালায়। অভিযোগ, আটতলা বাড়িটি দখল করার চেষ্টা চলছে।

বাড়ির মালিক আমিনুর রহমান খান একজন ব্যবসায়ী। ২০২৪ সালের ৫ আগস্টের পরেও একবার বাড়িটি দখল করা হয়েছিল বলে জানিয়েছেন তাঁর ভাতিজা মনির হোসেন।

শনিবারের ঘটনায় গতকাল রাতে বাড়ির মালিক আমিনুর রহমান আদাবর থানায় মামলা করেছেন। মামলায় খুরশিদ আলম খান, হাবিবুল্লাহ ওরফে রাসেল, কালাম, কামরান হোসেন, মিজানুর রহমান, সজীব হোসেন, হাসিবুল হাসান ওরফে ইমন, তানভীরসহ ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা।