বিএনপির ডাকা হরতাল কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজার মোড়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে বলেন, মগবাজার উড়ালসড়কের ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়। যেখানে ছোড়া হয়, তার পাশেই পুলিশ কর্তব্যরত অবস্থায় ছিল। তবে এতে কেউ আহত হয়নি।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় একটি নিরাপত্তাচৌকি বসিয়ে তল্লাশি করে পুলিশ। কর্তব্যরত পুলিশ সদস্যরা হারুন নামের এত মোটরসাইকেল আরোহীকে আটক করে। এ সময় তাঁর ব্যাগ থেকে ৪৬টি ককটেল উদ্ধার করা হয়।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইকবাল হোসাইন আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন ককটেল সরবরাহের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তিনি বলেছেন, তাঁকে এই ককটেল সরবরাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আনিসুর রহমান খন্দকার ওরফে অনিক। এর আগেও আনিসুর তাঁকে তিনটি ককটেল দিয়েছিলেন। আনিসুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।