মো. জহিরুল ইসলাম ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস
মো. জহিরুল ইসলাম ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস

রাজধানীতে ১২ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকেলে ওই এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করে অধিদপ্তরের উত্তরা সার্কেলের একটি দল।

গ্রেপ্তার দম্পতি হলেন মো. জহিরুল ইসলাম ওরফে পাপন (৪৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস ওরফে অ্যানি (৩২)। তাঁরা পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের ২২৮ নম্বর বাসার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকায় প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, প্রতীক হাউজিংয়ের ‘জে’ ব্লকের ১২/৪ নম্বর রোডের ৭৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে মাদক, ইয়াবা রয়েছে বলে জানতে পারেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে রোববার সন্ধ্যা সাতটার দিকে অধিদপ্তরের পরিদর্শক (উত্তরা সার্কেল) দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ফ্ল্যাটে অভিযান চালান।

পরে আভিযানিক দল ওই ফ্ল্যাটের একটি কক্ষের কাঠের আলমারির ভেতর থেকে একটি কালো রঙের টিস্যু কাপড়ের শপিং ব্যাগের ভেতরে ৬০টি নীল রঙের জিপারযুক্ত প্যাকেটে থাকা ১২ হাজার মাদক ইয়াবা উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে মাদক ক্রয়-বিক্রয়ে জড়িত থাকার অভিযোগে জহিরুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসকে আটক করেন তাঁরা। এ ছাড়া মাদক ক্রয়–বিক্রয়ে ব্যবহৃত দুটি মুঠোফোন জব্দ করা হয়।

দেওয়ান মোহাম্মদ প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে জহিরুল ও জান্নাতুল দীর্ঘদিন ধরে মাদক (ইয়াবা) ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা পশ্চিম রামপুরার স্থায়ী বাসিন্দা হলেও মাদক ক্রয়–বিক্রয়ের জন্য দক্ষিণ বনশ্রী এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। দুজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।