ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)

সবুজবাগ থানার ওসির বদলির আদেশ কয়েক ঘণ্টার মধ্যে বাতিল করল ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির আদেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তা বাতিল করা হয়েছে। সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম আগের পদেই বহাল থাকছেন।

আজ মঙ্গলবার ডিএমপি উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি কার্যালয় আদেশে এ তথ্য জানা গেছে। তবে কী কারণে বদলির আদেশ বাতিল করা হয়েছে সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

প্রথম কার্যালয় আদেশে, সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়। তাঁর জায়গায় গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ সাইফুল ইসলামকে ওসি হিসেবে পদায়ন করা হয়।

একই আদেশে গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি করা হয়। আর লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়। এ ছাড়া উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) ছামিউল হককে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) পদে পদায়ন করা হয়।

এই আদেশের কয়েক ঘণ্টা পর বিকেল পাঁচটার দিকে নতুন করে আরেকটি আদেশ জারি করা হয়। এতে সবুজবাগ থানার ওসি মো. সাইফুল ইসলামের ক্রাইম বিভাগে বদলির আদেশ বাতিল করে ওসি হিসেবে বহাল রাখা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি ডিবি তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম ডিবিতেই থাকছেন বলে জানানো হয়।