লাশ
লাশ

বাড্ডায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রাজধানীর মধ্য বাড্ডা এলাকার কমিশনার গলির একটি মেস থেকে মামুন শিকদার (৩৯) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাদকসংক্রান্ত কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আজ বুধবার ভোরে মামুনের মরদেহ উদ্ধার করা হয় বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন। নিহত মামুন শিকদার পেশায় একজন গাড়িচালক। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আলগী গ্রামের আবদুল খালেক শিকদারের ছেলে।

পুলিশ বলছে, বাড্ডার একটি বাসায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মামুন শিকদার গুলিবিদ্ধ হন। যেই বাসায় তিনি গুলিবিদ্ধ হন, সেটি আরেকজনের বাসা ছিল। মরদেহ উদ্ধারের সময় ওই বাসা থেকে ইয়াবা পাওয়া গেছে, যার কারণে মাদক সেবন বা কেনাবেচা–সংক্রান্ত কারণে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাসায় দুজন ব্যক্তি থাকতেন। তাঁরা হত্যাকাণ্ডের পর পালিয়ে গেছেন। পুলিশ তাঁদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।

এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। নিহত ব্যক্তির পরিবার বাদী হয়ে হত্যা মামলা করবে। মামলা এখনো হয়নি, প্রস্তুতি চলছে।