বিমানবন্দরে ৭৩ লাখ টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
 ফাইল ছবি

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহগামী এক যাত্রীর ব্যাগ থেকে ৭৩ লাখ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে। শনিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সহায়তায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব মুদ্রা জব্দ করেন।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, আটক যাত্রী মোহাম্মদ আলীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার আফজাল নগর এলাকায়। তাঁর কাঁধে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম জব্দ করা হয়। বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকার সমপরিমাণ। ব্যাগে সেলাই করা অবস্থায় মুদ্রাগুলো রাখা ছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ প্রথম আলোকে জানান, মোহাম্মদ আলী এ বছর ছয়বার বিদেশে যান। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।