গ্রেপ্তার আল মাহমুদ তারেক
গ্রেপ্তার আল মাহমুদ তারেক

মিরপুর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মাহমুদ তারেককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর ১-এর পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে তাঁকে মিরপুর মডেল থানা–পুলিশ গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এ তথ্য জানান। তিনি বলেন, আল মাহমুদকে গ্রেপ্তারের পর ওই এলাকার তানিম ভবনের সামনে রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি ককটেল, ৪১টি মশাল–লাঠি, দুই লিটার কেরোসিন তেল ও কর্কশিট উদ্ধার হয়।

পুলিশের ধারণা, আল মাহমুদ লোকজন জমায়েত করে মিছিলের মাধ্যমে নাশকতামূলক কার্যক্রমের জন্য এসব বিস্ফোরক ও সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে বলেন, আল মাহমুদ নিষিদ্ধ সংগঠনে যুক্ত থাকায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বিস্ফোরক আইনে পৃথক আরেকটি মামলায় তাঁকে আসামি করা হয়। দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আর খোলা জায়গায় গর্ত খুঁড়ে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে ককটেলগুলো ধ্বংস করা হয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

এদিকে গত মঙ্গলবার মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বিকেলে ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আশিক জুলহাস (২০), আরাফাত ইসলাম জিসান (২৫), মো. রশিদ আলী (৩০), মো. সোহেল রানা (২৬), মো. মিলন বাবু (৩২), মো. আনারুল ইসলাম (৩০), মো. রানা (২৭) ও মো. মনছুর আলী (৪০)।

গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ রাকিব খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও কার্যক্রম নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। পরে এ বিষয়ে জানানো হবে।