রাজধানীর মতিঝিল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচিত তানিম রেজা ওরফে বাপ্পী। আজ শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ
রাজধানীর মতিঝিল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচিত তানিম রেজা ওরফে বাপ্পী। আজ শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ

মতিঝিল এলাকায় একের পর এক সন্ত্রাসের ঘটনায় আসছিল নাম, তানিম রেজাকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর মতিঝিল ও আশপাশের এলাকায় পশুর হাটের ইজারা নিয়ে গুলি, চাঁদাবাজি ও শীর্ষ সন্ত্রাসীদের হয়ে কাজ করাসহ নানা ঘটনায় নাম আসছিল তানিম রেজা ওরফে বাপ্পীর। বিভিন্ন থানায় তাঁর নাম উল্লেখ করে সাতটি মামলা রয়েছে। এরপরও নানা কৌশলে দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে ছিলেন তিনি। অবশেষে সেই বাপ্পীকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা–পুলিশ।

আজ শুক্রবার বিকেলে মতিঝিল অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আলোচিত তানিম রেজাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মতিঝিল থানা সূত্র জানিয়েছে, মামলার বাইরেও অনেক অপরাধের ঘটনায় বাপ্পীর নাম এসেছে। বিশেষ করে মতিঝিল, মগবাজার, মালিবাগ, কমলাপুরসহ আশপাশের এলাকায় যেসব অপরাধের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম এসেছে, সেখানে কোনো না কোনোভাবে তানিম রেজার সম্পৃক্ততা পাওয়া গেছে।

পুলিশ সূত্র জানায়, ঈদুল আজহার আগে রাজধানীর দক্ষিণ কমলাপুরে কোরবানির পশুর হাটের ইজারাদার মো. ইসমাইল হোসেনের কার্যালয় লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা হয়। ঘটনাটির তদন্তেও তানিম রেজার সম্পৃক্ততা পায় পুলিশ।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ প্রথম আলোকে বলেন, ‘কমলাপুর-টিটিপাড়া এলাকায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়েছিলেন ইসমাইল হোসেন। তাঁর অফিসে গুলির ঘটনায় তানিম রেজা বাপ্পীর নাম পাওয়া যায়। তা ছাড়া শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল। নানা কৌশলে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে বিশেষ অভিযানের মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’