সংবাদ সম্মেলনে মো. শামীম খান, তাঁর পাশে স্থানীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম
সংবাদ সম্মেলনে মো. শামীম খান, তাঁর পাশে স্থানীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম

জামিনে মুক্তির দুই মাস পর আবাসন ব্যবসায়ী করলেন গুমের অভিযোগ, ডিবি বলছে তিনি অস্ত্র ব্যবসায়ী

জামিনে মুক্তি পাওয়ার দুই মাস পর মিরপুরের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁকে জোর করে তুলে নিয়ে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে তিন দিন গুম করে রাখা হয়েছিল। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি।

অভিযোগকারী ওই ব্যবসায়ীর নাম মো. শামীম খান (৪৯)। তিনি আবাসন ব্যবসায়ী বলে দাবি করেছেন। ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের সহায়তায় এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি, শামীম খানকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হয়। গুমের কোনো ঘটনা ঘটেনি। তিনি মিরপুরের এক শীর্ষ সন্ত্রাসীর ছত্রচ্ছায়ায় অস্ত্র ব্যবসা করে আসছেন। তাঁকে দীর্ঘদিন নজরদারি করে গ্রেপ্তার করা হয়। মুক্তি পাওয়ার দুই মাস পরে গুমের অভিযোগ তোলার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে দাবি ডিবির।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগর এলাকার একটি বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম, শামীম খানের স্ত্রী আরবি সুলতানা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে শামীম খান বলেন, ২৬ আগস্ট রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাঁকে মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় তাঁর অফিস–সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের পাশ থেকে জোর করে তুলে নিয়ে যায় ডিবির মিরপুর বিভাগের একটি দল। ডিবি অফিসে নিয়ে তাঁর চোখ বেঁধে ফেলা হয়। তিন দিন সেখানে তাঁকে আটকে রেখে মেরে ফেলাসহ নানা হুমকি দেওয়া হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। গুমের সময় ডিবি কর্মকর্তারা তাঁর ব্যবসা নিয়ে নানা প্রশ্ন করেন। অবৈধ ব্যবসা করেন কি না, জানতে চান।

শামীম খান আরও বলেন, তিন দিন আটকে রাখার পর অস্ত্র মামলায় তাঁকে আদালতে তোলা হয়। মিরপুরের একটি ব্যাংকের সামনে থেকে তুলে নেওয়া হলেও মামলায় তাঁকে বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার করার কথা বলা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠালে প্রায় এক মাস পর ২৬ সেপ্টেম্বর মুক্তি পান। তিনি মুসকান রিয়েল এস্টেটের মালিক। জমি কেনাবেচাসহ দীর্ঘদিন ধরে তিনি আবাসন  ব্যবসার সঙ্গে জড়িত। এ ছাড়া সাইফুল ইসলাম নিরব যখন যুবদলের সভাপতি ছিলেন, তখন তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তবে এখন আর রাজনীতির সঙ্গে যুক্ত নেই। তাঁকে কেন আটকে রাখা হয়েছিল, তা তিনি জানেন না।

সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বলেন, ফ্যাসিবাদের আমলে যেভাবে মানুষকে তুলে নিয়ে যাওয়া, চোখ বেঁধে আটকে রাখা, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হতো, সেই সংস্কৃতি কি আবার ফিরে আসছে? একটি ব্যবসায়িক বিরোধের জেরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একজনকে গুম, নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার যথাযথ বিচার করতে না পারলে এমন ঘটনা আরও ঘটবে, ঘটতেই থাকবে। একসময় তাঁর মতো আরও অনেকেই অন্ধকারে হারিয়ে যাবেন।

ডিবির বক্তব্য

এ বিষয়ে ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন প্রথম আলোকে বলেন, শামীম খানকে গুম করা হয়নি। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। আন্ডারওয়ার্ল্ডের (অপরাধজগৎ) শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার তথ্যপ্রমাণ তাঁদের কাছে রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁরা শামীমকে নজরদারিতে রেখেছিলেন। তাঁকে ২৬ আগস্ট নয়, ২৮ আগস্ট ভোরে অস্ত্রসহ মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নির্ধারিত সময়ের ভেতরেই তাঁকে আদালতে পাঠানো হয়। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত শামীম খানের অস্ত্র মামলার তদন্ত চলছে। শিগগিরই তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাও রয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে ৫ আগস্ট–পরবর্তী সময়ে যৌথ বাহিনীও তাঁকে গ্রেপ্তার করে। অভিযান সম্পর্কে অভিযোগ থাকলে তিনি আরও আগে দিতে পারতেন। প্রায় দুই মাস পরে এসে প্রশ্ন তোলার পেছনে তাঁর ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে।