
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার রাতে প্রায় দেড় কেজি ওজনের নয়টি সোনার বারসহ বাংলাদেশ বিমানের কর্মীকে গ্রেপ্তার করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। জব্দ করা সোনার দাম দুই কোটি টাকার বেশি। গ্রেপ্তার বাংলাদেশ বিমানের কর্মীর নাম ওবায়দুর রহমান।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, গতকাল রাত সোয়া ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বাংলাদেশ বিমানের কর্মী ওবায়দুরের শরীরে তল্লাশি চালায়। একপর্যায়ে ওবায়দুরের শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়।
আজ শুক্রবার ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান প্রথম আলোকে বলেন, আটক ওবায়দুরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ বিমানের এক যাত্রীকে আটক করা হয়। তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।