টুঙ্গিপাড়া থানা চত্বরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর
টুঙ্গিপাড়া থানা চত্বরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর

পুলিশের কাছে গোয়েন্দা তথ্য

নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবার হামলা চালিয়ে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আগুনে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। হামলায় আহত হয়েছেন সাতজন পুলিশ সদস্য। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।

শুধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা নয়, এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে ‘টার্গেট’ (নিশানা) করে হামলা করছে। সামনের দিনগুলোতে হামলার ক্ষেত্রে তারা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে। সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করারও পরিকল্পনা রয়েছে তাদের। পুলিশ বলছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে এসব নাশকতার ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক খুদে বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৭১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গোপালগঞ্জে রামদা ও চাইনিজ কুড়াল হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের মহড়া। রোববার দুপুরে

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা প্রথম আলোকে বলেন, নিষিদ্ধঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি থাকবে। জনগণের জানমাল ও সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সচেতন থাকবে। একই সঙ্গে পুলিশ দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারত্ব নিশ্চিত করবে।

হামলার পর টুঙ্গিপাড়া থানার চিত্র। মঙ্গলবার রাতে

লকডাউন ঘিরে বাড়তি প্রস্তুতি

পুলিশ সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বৃহস্পতিবারের দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ। ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ব্লক রেইড ও তল্লাশিচৌকির কার্যক্রম বাড়ানো হয়েছে। রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দূরপাল্লার বাসগুলোতে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেলে এসে গাড়িতে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। তাই রাজধানীতে চলাচল করা মোটরসাইকেলগুলোতে তল্লাশি করা হচ্ছে।

সরেজমিনে বুধবার রাজধানীর বাড্ডা, রামপুরা ও হাতিরঝিল এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে দূরপাল্লার বাস, যাত্রীদের ব্যাগ ও মোটরসাইকেল তল্লাশি করতে দেখা গেছে। তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, লকডাউন কর্মসূচি সামনে রেখে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে জন্য কাজ করছেন তাঁরা।

কিশোরগঞ্জের বাজিতপুরে সোমবার গভীর রাতে একটি কলেজ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা
পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জে ২ হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি ও এসআরবি মোতায়েন করার পরও থানায় হামলা হয়েছে। আরও পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন করেও লাভ হবে না। কারণ, নাশকতাকারীরা জানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করবেন না। তিনি বলেন, নাশকতা মোকাবেলায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, তল্লাশিচৌকি বাড়ানোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

লকডাউন কর্মসূচি ঘিরে প্রস্তুতি নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা মহানগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ব্লক রেইড ও চেকপোস্ট কার্যক্রম চলছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

ডিবির এই কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির প্রচারও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব কর্মসূচির সত্যতা যাচাই করে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নাশকতা মোকাবেলায় যা ভাবছে পুলিশ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাশকতাকারীরা পুলিশের স্থাপনা ও পুলিশ সদস্যদের ওপর হামলা করে তাঁদের গুলি করতে বাধ্য করতে চাইছে। কিন্তু সরকার গুলি না করে বিকল্প চিন্তার কথা বলছে। পুলিশের পক্ষ থেকে সরকারকে রাজনৈতিকভাবে বা দলীয় নেতা–কর্মীদের উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশ গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রীয় স্থাপনায় যেন হামলা না হয়, সেটা নিশ্চিত করা। সেই সঙ্গে নাশকতায় সরাসরি জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা।

রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণে আরও তিনজন আহত হন

পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গোপালগঞ্জে ২ হাজার পুলিশ, ১০ প্লাটুন বিজিবি ও এসআরবি মোতায়েন করার পরও থানায় হামলা হয়েছে। আরও পুলিশ, বিজিবি ও এসআরবি মোতায়েন করেও লাভ হবে না। কারণ, নাশকতাকারীরা জানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করবেন না। তিনি বলেন, নাশকতা মোকাবেলায় আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, তল্লাশিচৌকি বাড়ানোতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশের একটি সূত্র বলছে, নাশকতায় বিপুল টাকা খরচ করছেন বিদেশে পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। এখন নাশকতায় অর্থের জোগান বন্ধে কাজ করছেন তাঁরা।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে একটি জেলায় একজন মন্ত্রীর উপস্থিতিতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। পুলিশকে উদ্দেশ করে তাঁরা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতা–কর্মীরা কোথাও জড়ো হলে পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসত। এখন কেন পুলিশ আসতে পারছে না? তখন জেলা পুলিশের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা বলেন, আগে ছাত্রলীগ, যুবলীগের নেতা–কর্মীরা মাঠে থেকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন। এখন পুলিশ বিএনপির নেতা–কর্মীদের থেকে কোনো তথ্য পায় না।

মেহেরপুর থেকে আনা হয় গানপাউডার

রাজধানীর মিরপুরসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার পরিকল্পনা করে মেহেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হয়েছিল গানপাউডার। এ কাজে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন বলে জানিয়েছে ডিবি। এ ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান শফিকুল ইসলাম।

টুঙ্গিপাড়া থানার ভেতরে দুটি গাড়িতে আগুন জ্বলছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মামুন অর রশীদ (২৭), আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুন (৫০) এবং যুবলীগের নেত্রী মেঘলা মিলি (৪১)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শফিকুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছেন, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গানপাউডার সংগ্রহ করেন। পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন ও মেঘলা মিলির কাছে হস্তান্তরের জন্য গানপাউডার ঢাকায় নিয়ে আসেন। এ কাজে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করছিলেন।