রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি ‘ভাইস্তা বিল্লাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত প্রায় দুইটার দিকে শ্যামলী হাউজিং এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে আদাবর থানা-পুলিশ।
আজ সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার বিল্লাল ওরফে ‘ভাইস্তা বিল্লাল’ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ১ নম্বর আসামি। এ ছাড়া তাঁর নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বিল্লাল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং এলাকায় ‘ভাইস্তা বিল্লাল’ নামে পরিচিত। তাঁর নেতৃত্বে ৮ থেকে ১০ সদস্যের একটি কিশোর গ্যাং সক্রিয় ছিল বলে অভিযোগ রয়েছে। গ্যাংটি ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখল–বাণিজ্যের সঙ্গে জড়িত বলে জানা গেছে।