
১৭ বছর আগে চট্টগ্রাম নগরে এক ডাকাতির মামলায় আজ মঙ্গলবার ৯ ডাকাতকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। বিকেলে প্রথম অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ রায় দেন।
সরকারি কৌঁসুলি এম এ ফয়েজ প্রথম আলোকে বলেন, রায়ের আদেশে আদালত ৯ ডাকাতকে কারাদণ্ড দিয়েছেন। আসামি মো. রাশেদ, মো. শামীম, ফুল মিয়া, স্বপন কুমার ত্রিপুরা, মো. জামাল, মহিউদ্দিন, মাহবুব আলম ও মো. শফিকে পৃথক দুই ধারায় ১৭ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ড দেন। আরেক আসামি প্রিয় রঞ্জন ধরকে ১০ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন আদালত।
রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে ছয়জন আদালতে হাজির ছিলেন। তাঁদের কারাগারে পাঠানো হয়। আর বাকি তিনজনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
২০০৬ সালের ২৯ জানুয়ারি রাতে নগরের খুলশী থানার লালখান বাজার বাঘঘোনা এলাকায় চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী আবদুস সাত্তারের বাসায় ডাকাতির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। এতে বলা হয়, ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৩৫ হাজার টাকা, ৩৫ ভরি স্বর্ণলাংকার ও ৫ লাখ ৯০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।