
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ফিলিং স্টেশনের (পেট্রলপাম্প) কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা লুটের ঘটনায় যাত্রাবাড়ী থানায় অস্ত্র আইনে করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো আসামিরা হলেন মো. রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৪) ও মিন্টু রাঢ়ী (২৩)।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মহিনউদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির (পুলিশের গোয়েন্দা শাখা) লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমের এসআই মোহাম্মদ জহিরুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা জানান, আসামি রবিউল ইসলাম ওরফে রুবেলকে যাত্রাবাড়ী থানাধীন কাজলা থেকে এবং মিন্টু রাঢ়ীকে হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জব্দ করা অস্ত্র–গুলি ব্যবহার করে ঢাকা মহানগরী ও আশপাশ এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছিল। এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। পরবর্তী সময় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য প্রয়োজনে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে বলেও তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন। তদন্ত কর্মকর্তা বলেন, অস্ত্র আইনে যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন ডিবির কোতোয়ালি জোনের এসআই দেব কুমার আচার্য্য। প্রথম আলোকে তিনি বলেন, এই দুজনের কাছ থেকে ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১৫টি গুলি উদ্ধার করা হয়েছে।
এর আগে ৯ আগস্ট উত্তরার ডিএল ফিলিং স্টেশনের টাকা লুটের ঘটনায় গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুই আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত অস্ত্র, গুলি, অন্যান্য সরঞ্জাম ও ছিনতাই হওয়া টাকার একটি অংশ উদ্ধার করার কথা জানিয়েছেন পুলিশ। ডিবি জানায়, আসামিদের কাছ থেকে ওয়াকিটকি, র্যাবের ভেস্ট, ক্যাপ ও ব্যাচ, হাতকড়াসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।
টাকা লুট এবং এক কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ছয়-সাতজনের বিরুদ্ধে গুরুতর আঘাতসহ ডাকাতির অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা করেন ডিএল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম। গ্রেপ্তার ডাকাত দলের আরেক সদস্য সাগর বাড়ৈকে (৪১) এই মামলায় সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।