রাজধানীতে অনুমোদনহীন মাদকাসক্তি নিরাময়কেন্দ্র সিলগালা

অভিযান চালিয়ে মাদকাসক্তি নিরাময়কেন্দ্রটি সিলগালা করে দেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
ছবি: সংগৃহীত

অনুমোদন না থাকায় রাজধানীর মালিবাগ রেলগেট এলাকার হলি মাইন্ড মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময়কেন্দ্র বন্ধ করে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ মঙ্গলবার দুপুরে ডিএনসির দক্ষিণ অঞ্চলের কর্মকর্তারা ওই নিরাময়কেন্দ্রে অভিযান চালান। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযানের বিষয়টি টের পেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবদুল আজিজ পালিয়ে গেছেন।

ডিএনসির দক্ষিণ অঞ্চলের উপপরিচালক মাসুদ হোসেন প্রথম আলোকে বলেন, অনুমোদন না নিয়ে হলি মাইন্ড মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এমন অভিযোগ পেয়ে এক মাস আগে সেটি বন্ধ করা হয়। এক সপ্তাহ আগে তারা আবারও নিরাময়কেন্দ্রটি চালু করে।

মাসুদ হোসেন আরও বলেন, এক মাস আগে অভিযানের সময় হলি মাইন্ডকে লাইসেন্সের জন্য আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু তারা সেটি না করে আবারও কেন্দ্রটি চালু করেছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির নথিপত্র ও মালামাল জব্দ করা হয়েছে।