অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের মামলায় স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

লাশ
প্রতীকী ছবি

সাত বছর আগে চট্টগ্রামের চন্দনাইশে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে খুনের মামলায় স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান এই আদেশ দেন।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আসামি আবু তৈয়বকে মৃত্যুদণ্ডের আদেশ ও এক লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

আদালত সূত্র জানায়, চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের বাসিন্দা শাহীন আক্তারের সঙ্গে ২০০৪ সালে আবু তৈয়বের বিয়ে হয়। এর আগে শাহীন আক্তারের একবার বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিয়ের পর স্বামীর বাড়িতে থাকতেন তিনি। তবে তাঁর নামে বৈলতলী ইউনিয়নে একটি বসতভিটে ছিল। এটি নিজের নামে নিবন্ধন করে দেওয়ার জন্য আবু তৈয়ব তাঁকে চাপ দিতে থাকেন। এ নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি শাহীনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন আবু তৈয়ব। ওই সময় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শাহীন।

আদালত সূত্র আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নুরুল আলম বাদী হয়ে ওই দিনই চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৯ এপ্রিল আবু তৈয়বের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। তাঁদের মধ্যে নিহত গৃহবধূর দুই কন্যা রিমু আক্তার ও রেশমি আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন।