
রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বিপণিবিতানে হীরার দোকান থেকে পৌনে তিন কোটি টাকার অলংকার চুরির ঘটনার পাঁচ দিন পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ বলেছে, সিসিটিভি (ক্লোজড সার্কিট) ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ছয়জন এ চুরির সঙ্গে সরাসরি জড়িত। এখন তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে মেট্রো শপিংমলের তৃতীয় তলায় ট্রাস্ট ডায়মন্ড নামের একটি হীরার দোকানের তালা কেটে প্রায় পৌনে তিন কোটি টাকার হীরার অলংকার চুরি হয়। ওই ঘটনায় দোকানের ব্যবস্থাপক পলাশ সাহা বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি চুরির মামলা করেন।
মামলায় দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার সকাল ১০টা ৮ মিনিটে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন তালা কেটে দোকানে ঢোকে। ১০টা ১৮ মিনিটে অলংকার নিয়ে চলে যায় তারা। চুরি হওয়া অলংকারের মধ্যে হীরার ২৪২টি নাকফুল, ৩৫০টি আংটি, ১৭৭টি লকেট, ১৩৬ জোড়া কানের দুল, ৬৯টি হার, ৩৯টি চুড়ি, ৯টি ব্রেসলেট ও ২০টি সোনার চেইন রয়েছে। এগুলোর আনুমানিক দাম ২ কোটি ৭০ লাখ ৩০ হাজার টাকা।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে বলেন,সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ছয়জন এ চুরির সঙ্গে সরাসরি জড়িত। এখন তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগামী সপ্তাহে এ ব্যাপারে ‘ভালো’ খবর দিতে পারবেন বলে তিনি আশা করছেন।
পুলিশ কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, তাদের এখন গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই চোর চক্র ঢাকার বাইরের বলে মনে হচ্ছে।
গত ২৪ জুলাই সকাল ৮টার দিকে একই কায়দায় ধানমন্ডির অরচার্ড পয়েন্টে হ্যালো মোবাইল শপে চুরি হয়েছে। চোরের দল কিছু সময়ের মধ্যেই প্রায় ৫৮ লাখ টাকার মুঠোফোন সেটসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়।
মেট্রো শপিংমলে হীরার দোকানে হওয়া চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ বিন কাশেম আজ বিকেলে প্রথম আলোকে বলেন, দুটি দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, একই চক্র দুই মার্কেটে চুরি করছে। মেট্রো শপিং মলে হীরার দোকানে চুরি হওয়ার পর ওই মার্কেটের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত মার্কেটের কাউকে জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি।