
মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হয়েছিল ৩০ কেজি অবৈধ শিশা। দুই মাস গোয়েন্দা নজরদারির পর ক্রেতা সেজে ৫ কেজি শিশার অর্ডার দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা। সেই অর্ডার সরবরাহ করতে গিয়েই ধরা পড়ে পুরো চালান। এ ঘটনায় আমদানিকারক, সরবরাহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর বংশাল ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এসব শিশা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকার বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, শিশা আমদানিকারকদের শনাক্ত এবং তাঁদের পুরো নেটওয়ার্কের সন্ধান পেতে দুই মাস ধরে গোয়েন্দা নজরদারি চালানো হয়। একপর্যায়ে অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ ক্রেতা সেজে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঁচ কেজি শিশার অর্ডার দেন। এরপর শিশা আমদানির সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমের ওপর নজর রাখা হয়। ওই ৫ কেজি শিশা সংগ্রহ করতে গিয়েই আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি শিশার সন্ধান পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বুধবার রাতে উপপরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল বংশাল থানার নর্থ সাউথ রোডের একটি ভবনে আস-সুন্নাহ নামের প্রতিষ্ঠানে অভিযান চালায়। সেখান থেকে মো. সোলায়মান আহমেদ ওরফে শুভ (৩১) নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানের ভেতরে তল্লাশি চালিয়ে তিনটি কার্টনে রাখা আল ফাকের ব্র্যান্ডের ৩০ কেজি শিশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মো. শাকিল আহমেদের কাছ থেকে তিনি এসব শিশা সংগ্রহ করেছেন। তাঁর তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উত্তরা এলাকায় ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পরে শাকিল আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা ১১ নম্বর সেক্টরে ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রতিষ্ঠানটির মালিক মো. মেহেদী হাসানকে (৪৬) গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মেহেদী হাসান তাঁর এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশা আমদানি করতেন। পরে সেগুলো সাবা অ্যান্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে এসব শিশা পৌঁছাত সোলায়মানের কাছে।
অধিদপ্তর জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ব্যবহৃত মুঠোফোন ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা কেনাবেচা ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তাঁরা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার ব্যবসা করে আসছেন। এই চক্রে আরও কয়েকজন জড়িত। সালমান নিবিড়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উদ্ধার করা শিশার উৎস ও আমদানিপ্রক্রিয়া নিয়ে আরও অনুসন্ধান করছেন অধিদপ্তরের কর্মকর্তারা। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে হংকং থেকে এসব পণ্য বাংলাদেশে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট কীভাবে পরিশোধ করা হয়েছে, সেটিও তদন্তের আওতায় রয়েছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মো. সোলায়মান আহমেদ শুভ, মো. শাকিল আহমেদ ও মো. মেহেদী হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বংশাল থানায় মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা মামলাটি তদন্ত করছেন। চক্রের পলাতক সদস্য ও এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।