হামলার হুমকিতে নয়, বইমেলায় তল্লাশি নিয়মিত তল্লাশির অংশ: পুলিশ

বইমেলায় পুলিশের ডগ স্কোয়াডের তল্লাশি
ছবি: প্রথম আলো

অমর একুশে বইমেলার নিরাপত্তায় আজ শুক্রবার সকালে পুলিশ ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালিয়েছে। পুলিশ বলছে, এটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ তল্লাশি চালানো হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, বইমেলা শুরুর আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ডগ স্কোয়াড কে-৯ প্রতিদিন এ তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। আজও তারা তল্লাশি করেছে।

এদিকে বইমেলার নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে গতকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালককে একটি উড়ো চিঠি দেওয়ার ঘটনায়। ওই চিঠিতে বলা হয়েছে, যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে দুটি আবাসিক হোটেলে ‘অনৈতিক কর্মকাণ্ড’ চলে। সেটি বন্ধ করা না হলে বইমেলায় হামলা করা হবে।

এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বইমেলায় ঢোকার আগে পুলিশের তল্লাশি

তবে এই উড়ো চিঠিকে জঙ্গি সংগঠনের পক্ষে দেওয়া হয়নি বলেই মনে করছে পুলিশ। ‘আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের’ বিষয়টি সামনে আনার জন্য জঙ্গি সংগঠনের নামে এ চিঠি দেওয়া হয়েছে।