একদিকে মা স্ট্রোক করে প্যারালাইজড, অন্যদিকে অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি। এর মধ্যে নিখোঁজ হয়েছিল ১৩ বছর বয়সী বাক্প্রতিবন্ধী সন্তান। তাকে খুঁজতে স্বজনেরা পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন দেয়ালে লাগিয়েছিলেন। তিন দিন পর ডেমরার একটি ঝোপ থেকে উদ্ধার হলো শিশুটির অর্ধগলিত মরদেহ।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকার বোতল মার্কেটসংলগ্ন বালুর মাঠের পেছনের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, যৌন নির্যাতনের সময় চিৎকার করায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঝোপের মধ্যে মরদেহ ফেলে রাখা হয়।
শিশুটির বড় ভাই বাদী হয়ে ডেমরা থানায় হত্যা মামলা করেছেন। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজের পর খোঁজাখুঁজি, সিসিটিভিতে আরিফ
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন ৮ নভেম্বর ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। নিখোঁজের পর থেকেই আরিফকে সন্দেহ করছিল পরিবার।
মামলার এজাহারে বলা হয়েছে, এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আরিফ শিশুটিকে বোতল কারখানার পেছনের একটি ঝোপের দিকে নিয়ে যাচ্ছেন। পরে আরিফকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি মিথ্যা তথ্য দিতে থাকেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে বালুর মাঠে কয়েকটি শিশু খেলছিল। এ সময় তাদের ফুটবল ঝোপঝাড়ের ভেতরে চলে যায়। বল আনতে গিয়ে তারা শিশুটিকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ
ওসি তাইফুর রহমান বলেন, জিডির তদন্তের মধ্যেই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে আরিফকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।
ওসি আরও বলেন, যৌন নির্যাতনের সময় শিশুটি চিৎকার করায় আরিফ তার মুখ চেপে ধরে এবং শ্বাসরোধে হত্যা করেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
আজ বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আসামি আরিফকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাঁর জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
পোস্টার ছাপিয়ে ভাইকে খুঁজছিলেন স্বজনেরা
নিহত শিশুটির বড় ভাই জানান, তাঁর মা কিছুদিন আগে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেছেন। বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ভাই নিখোঁজ হওয়ার পর তাঁরা অনেক খোঁজাখুঁজি করেছেন। পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন দেয়ালেও লাগিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়ের মরদেহ পেলেন তাঁরা।