
উগ্রবাদী সংগঠন ফাতাহ কমব্যাটের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে গ্রেপ্তার শাহ আমানত সাবির ও হোসাইন তানিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।
এর আগে দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে যাত্রাবাড়ী থানার পুলিশ এবং এই মামলার তদন্ত কর্মকর্তা এবি সিদ্দিক দুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সংশ্লিষ্ট থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাসুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ জুলাই ভোরে যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকা থেকে সাবির ও তানিমকে গ্রেপ্তার করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের প্রথমে তিন দিনের এবং পরে আরও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এর আগে একই অভিযোগে গ্রেপ্তার জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়োজিতকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে ৯ জুলাই যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে ‘ফাতাহ কমব্যাট সিস্টেম-এফসিএস’-এর সক্রিয় সদস্য সন্দেহে তাহসীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।