
রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর এলাকায় আবদুল্লাহ (৪) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির সৎ বাবা মো. রাজুকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়। পরিবারের অভিযোগ, বিছানায় প্রস্রাব করায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে রাতের যেকোনো সময় হত্যা করেন সৎ বাবা রাজু।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে প্রথম আলোকে বলেন, শিশুটির মা কলি আক্তারের অভিযোগের ভিত্তিতে সৎ বাবা রাজুকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘ঘুম থেকে উঠে আবদুল্লাহকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তার মা। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে রাজুকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’