২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণার সময় দলটির তৎকালীন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় তেজগাঁও থানা শ্রমিক লীগের সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী (৬৬) ওরফে ‘হাতকাটা কাশেমকে’ কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল হান্নানের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মনির হোসেন সুমন জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তদন্ত কর্মকর্তা আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, আসামিকে আদালত কারাগারে প্রেরণ করেছেন। দ্রুতই রিমান্ড আবেদন করে জিজ্ঞাসাবাদ করা হবে। এই মামলায় তিনি ৪৯ নম্বর এজাহারভুক্ত আসামি। এ মামলায় মোট আসামি ১০৮ জন।
২০২৪ সালের ২২ আগস্ট মো. বেল্লাল হোসেন বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলায় মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল রাজধানীর কাওরান বাজার এলাকায় তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনা ঘটে। এ সময় নির্বাচনী প্রচারে বাধা ও হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ হামলা, ভাঙচুর ও একাধিক ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করা হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে মামলার এজাহারভুক্ত ৪৯ নম্বর আসামি আবুল কাশেম পাটোয়ারীকে গতকাল সোমবার কাওরান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উদ্ঘাটন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে আবুল কাশেমকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
তদন্ত কর্মকর্তার ভাষ্য, আবুল কাশেমের বিরুদ্ধে তেজগাঁও, গুলশান ও মানিকগঞ্জ সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ হত্যাচেষ্টা ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে আরও কয়েকটি মামলা বিচারাধীন।