ঢাকার আশুলিয়ায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশু মো. সোহাগ (৬) মারা গেছে।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারে।
এর আগে ১৫ মে বিকেলে সোহাগের বাবা শরিফুল ইসলাম মারা যান। শরিফুলের গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম বলেন, সোহাগের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন এই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
সোহাগের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।
১৩ মে ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার মজুত ও রিফিলের একটি ‘কারখানায়’ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেলাল এন্টারপ্রাইজ নামের ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, শিশু সোহাগসহ পাঁচজন দগ্ধ হন। ফায়ার সার্ভিস জানায়, প্রতিষ্ঠানটি অবৈধভাবে চলছিল।