ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত

যৌন নিপীড়নের অভিযোগের মামলায় ইসতি মেডিক্যালের এমডি ফয়সালের জামিন

এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন ইসতি মেডিক্যাল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল। তাঁকে ১৪ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। পাঁচ লাখ টাকা মুচলেকায় তিনটি শর্তে তাঁকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাগারে যাওয়ার পাঁচ দিনের মাথায় আদালত ফয়সালের জামিন মঞ্জুর করেন।

জামিনের শর্তগুলো হলো তদন্তে সহযোগিতা করতে হবে, জামিনের অপব্যবহার করা যাবে না এবং আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না।

এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। সেই জামিনের মেয়াদ শেষ হলে গত মঙ্গলবার তিনি আইনজীবীর মাধ্যমে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ফয়সাল ভুক্তভোগীর আত্মীয়। ২০২৫ সালের জুনে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি ভুক্তভোগীকে বাইরে নিয়ে যান। একপর্যায়ে ধূমপান করানোর চেষ্টা করেন। পরে গুলশানের একটি অফিসে ডেকে নেওয়া এবং বাসায় পৌঁছে দেওয়ার পথে গাড়ি চালানো শেখানোর কথা বলে কৌশলে তাঁকে যৌন নিপীড়ন করেন।

এজাহারে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি গোপন রাখলেও মানসিকভাবে ভেঙে পড়েন। পরে গত ১৭ এপ্রিল এক অনুষ্ঠানে অভিযুক্তকে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর ২৩ এপ্রিল ভুক্তভোগীর বাবা গুলশান থানায় মামলাটি করেন।