
জ্যেষ্ঠ-কনিষ্ঠ দ্বন্দ্বের জেরে মাধ্যমিক পরীক্ষার্থী তাজুন ইসলাম ওরফে মুশফিক তাজুনকে প্রাণ দিতে হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর দনিয়া কলেজের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় তাজুন (১৭) ছুরিকাঘাতে নিহত হয়। পুলিশ ওই ঘটনায় জড়িত অভিযোগে গতকাল গভীর রাতে জ্যেষ্ঠ গ্রুপের তিনজনকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম আজ বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ-কনিষ্ঠ দ্বন্দ্বের জেরে মুশফিক তাজুন হত্যার ঘটনা ঘটে। গতকাল রাতে মুশফিকের ভগ্নিপতি আশিকুর রহমান ১৭ জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার বাদী আশিকুর রহমান বলেন, তাজুনের মতো ছেলে হয় না। এবার সে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষার জন্য সে বাসা থেকে কম বের হতো। আড্ডাতেও যেত না। ওর সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল না। পড়াশোনায় বেশ মনোযোগী ছিল। গতকালই পরীক্ষা শেষে বন্ধু ডাকলে তার সঙ্গে সে ঘুরতে বের হয়েছিল। তাজুনের বাবা কাতারপ্রবাসী। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি আজ সকালে ঢাকায় পৌঁছেছেন। আজ দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে গ্রামের বাড়িতে তার লাশ নিয়ে যাওয়া হয়েছে।
আশিকুর রহমানের ভাষ্য, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাজুন তার এক বন্ধুর সঙ্গে ফোনে যোগাযোগ করে বাসা থেকে বের হয়। দনিয়া কলেজের সামনে সে তার পাঁচ বন্ধুর সঙ্গে গল্প করছিল। এ সময় পূর্বপরিকল্পিতভাবে এলাকার জ্যেষ্ঠ গ্রুপ চাপাতি, ছুরিসহ লাঠিসোঁটা নিয়ে তাজুন ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে তাজুনসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাজুনকে মৃত ঘোষণা করেন। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। আর দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, তাজুনের এক বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই বন্ধুকে তার মা–বাবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।