ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

মিরপুরে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার যুবক ৪ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত (২৪) নামের এক যুবকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মিরপুর মডেল থানার এসআই (জিআরও) রফিকুল ইসলাম রাসেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর সেনপাড়া এলাকার চৌরঙ্গী মার্কেটের সামনে গুলির শব্দ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় একটি রিভলবারসহ কাওছার ভূঁইয়াকে আটক করা হয়।

আবেদনে আরও বলা হয়, আসামির কাছ থেকে একটি ছয় চেম্বারবিশিষ্ট রিভলবার, চারটি ব্যবহৃত কার্তুজের খোসা ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির অংশবিশেষও জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওছার জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে জাকির নামের এক সহযোগীকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলাম ওরফে সিজু (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে তিনি গুলি ছুড়েছিলেন। তবে উদ্ধার হওয়া অস্ত্রের কোনো বৈধ লাইসেন্স বা কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, পলাতক আসামিকে গ্রেপ্তার, অস্ত্রের উৎস শনাক্ত এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে কাওছারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ আবেদনে উল্লেখ করেছে।