ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আরও দুই আসামি কারাগারে

রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় মা ও শিশুস্বাস্থ্যকেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন মিনু (৩৫) ও মিলন (৪৫)। মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান তাঁদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদনের শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন।

এর আগে এ মামলায় গত রোববার ছয়জন এবং শুক্রবার চারজনকে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে মামলাটিতে মোট ১২ জন কারাগারে গেলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটের দিকে একদল ব্যক্তি হাতুড়ি, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ঢোকেন। তাঁরা সেখানে দায়িত্বরত দুই নিরাপত্তাকর্মীকে মারধর করে আটকে রাখেন। এরপর গেট ভেঙে খননযন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের আধা পাকা স্থাপনা ভাঙচুর করা হয়। কেন্দ্রের চিকিৎসা, নিবন্ধন, পরীক্ষাগার, আলট্রাসনোগ্রাম ও টিকাদানকেন্দ্রের বিভিন্ন সরঞ্জামও ক্ষতিগ্রস্ত করা হয়।

অভিযোগে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও সরঞ্জাম ভাঙচুরে ৪৯ লাখ টাকার ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওষুধ ও চিকিৎসাসামগ্রী, দুটি আলট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও তিনটি স্টিলের আলমারি লুটের অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় রাড্ডা হাসপাতালের নির্বাহী পরিচালক চিকিৎসক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন।