রাজধানীর মৌচাক এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রথম আলোর সাংবাদিক মো. নোমান ছিদ্দিক। ছিনতাইকারীরা তাঁর মুঠোফোন ছিনতাই করে নেয়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে আহত হন।
গতকাল শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে তাঁর সঙ্গে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নোমান।
নোমান ছিদ্দিক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ব্যাটারিচালিত রিকশায় করে শান্তিনগরের বাসায় ফিরছিলেন তিনি। রিকশাটি মৌচাক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন ছিনতাইকারী পেছন দিক থেকে এসে তাঁর হাতে থাকা মুঠোফোনটি টান দিয়ে নিয়ে যান। এ সময় চলন্ত রিকশা থেকে পড়ে গিয়ে হাত-পায়ে গুরুতর আহত হন তিনি।
নোমান ছিদ্দিক জানান, ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে মৌচাক হয়ে মালিবাগের দিকে চলে যান। পরে মৌচাক মোড়ে রমনা থানার রাতের টহল ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের তিনি বিষয়টি জানান। তবে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন মিয়া প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী একটি অভিযোগ দিয়েছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।