
গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ (৫০) তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অন্য দুজন হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন (৫০) ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন (৫০)।
আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আজ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান।
আবেদনে বলা হয়,২৫ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় অজ্ঞাতনামা ২০-২৫ জন ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়।
আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
শাখাওয়াত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) কর্মরত ছিলেন। পরে তাঁকে প্রেষণে তৎকালীন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব করা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বরে তাঁকে পিআইবির পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।