ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে বুধবার বিকেলে মারা গেছে শিশুটি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে বুধবার বিকেলে মারা গেছে শিশুটি

পাঁচ দিনের পৃথিবীযাত্রায় হাসপাতালের অবহেলার সাক্ষী শিশুটি, ‘বাচ্চার নাম রাখার সময়টুকু পেলাম না’

শনিবার ভোরে জন্ম, বিদায় নিল বুধবার সূর্য ডোবার আগেই। মাত্র পাঁচ দিনের যাত্রায় পৃথিবীতে এসেছিল। বাক্‌রুদ্ধ বাবা বললেন, ‘আমার বাচ্চার নাম রাখার সময়টুকু পেলাম না।’

শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে দগ্ধ হয়েছিল শিশুটি। এই পাঁচ দিনে মায়ের কোলে থাকার সুযোগও হয়নি শিশুটির। জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ায় তাকে নিতে হয় নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ)। সুস্থ হয়ে মায়ের কোলে ফিরবে, এমন আশায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন বাবা।

ঢাকা মেডিকেলের এনআইসিইউতে শয্যা খালি না থাকায় চিকিৎসার জন্য শিশুটিকে নেওয়া হয়েছিল পার্শ্ববর্তী চানখাঁরপুলের রয়েল কেয়ার হাসপাতালে। সেখানকার এনআইসিউতেই দগ্ধ হয় শিশুটি। মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। এরপর শুরু হয় তাকে বাঁচানোর আরেক লড়াই। শেষ পর্যন্ত সেই লড়াইও থেমে গেল।

সন্তানের মৃত্যুর খবর শুনে প্রায় বাক্‌রুদ্ধ হয়ে পড়েন বাবা গোলাম রাব্বানী। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার বাচ্চার নাম রাখার সময়টুকু পেলাম না। এই অবহেলা, অপচিকিৎসার কাছে যেন আমরা সবাই অসহায়।’

সন্তান হারানোর শোকের মধ্যে ঘটনার বিচার চান রাব্বানী। তিনি বলেন, ‘ওদের বিরুদ্ধে হত্যা মামলা করব। যেন আর কেউ এমন নির্মমতার শিকার না হন।’

জন্মের পরই শুরু হয় হাসপাতালে ছোটাছুটি

পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির মা শাপলা বেগমকে। পরদিন শনিবার ভোর চারটার দিকে তাঁর ছেলেসন্তানের জন্ম হয়। এটি ছিল গোলাম রাব্বানী ও শাপলা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান।

জন্মের পর শিশুটিকে এনআইসিইউতে রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু ঢাকা মেডিকেলে এনআইসিইউর শয্যা খালি ছিল না। তখন হাসপাতালের মতিউর নামের এক ব্যক্তির পরামর্শে নবজাতককে পাশের চানখাঁরপুল এলাকার রয়েল কেয়ার হাসপাতালে নিয়ে যায় পরিবার।

বাবা গোলাম রাব্বানীর অভিযোগ, রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে শিশুটিকে রাখার কিছুক্ষণ পরই ভেতর থেকে চিৎকার ও আগুনের কথা শুনতে পান তাঁরা। ছুটে গিয়ে দেখেন, তাঁর নবজাতক ছেলের মাথা, পিঠ ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে।

রাব্বানীর দাবি, এনআইসিইউ অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় তাঁর সন্তান দগ্ধ হয়। ঘটনার পর হাসপাতালের সংশ্লিষ্ট লোকজনকে আর সেখানে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

শিশুটিকে বাঁচাতে এরপর আবার শুরু হয় হাসপাতালে ছোটাছুটি। প্রথমে তাকে নেওয়া হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরে ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে এনআইসিইউতে লাইফ সাপোর্টে রেখে চলছিল চিকিৎসা। কিন্তু বুধবার বিকেলে সব চেষ্টা ব্যর্থ হয়। পৃথিবীতে আসার পঞ্চম দিনেই মৃত্যু হয় শিশুটির।

গোলাম রাব্বানীর বাড়ি বগুড়ার কাহালু উপজেলার পলি বগুই গ্রামে। বর্তমানে পরিবার নিয়ে থাকেন গাজীপুরে। সেখানে তাঁর একটি বৈদ্যুতিক পণ্যের দোকান রয়েছে। দ্বিতীয় সন্তানের জন্মের আনন্দ নিয়ে যে হাসপাতালে গিয়েছিলেন, সেখান থেকে ফিরতে হচ্ছে সন্তান হারানোর শোক নিয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নবজাতকের দগ্ধ হওয়ার ঘটনা এবং এ বিষয়ে হাসপাতালের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে রয়েল কেয়ার হাসপাতালের মালিক অপর্ণা হালদার প্রথম আলোকে বলেন, ঘটনার পর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাঁদের কাছে লোকও পাঠান। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী করণীয় জানাবেন। তবে শিশুটি কীভাবে দগ্ধ হলো এবং এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাঁর বক্তব্যে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে পাঁচ দিনের শিশুটিকে এখন দাফনের প্রস্তুতি নিচ্ছে গোলাম রাব্বানী ও শাপলা বেগম দম্পতি। যে সন্তানকে ঘিরে তাঁদের নতুন স্বপ্ন শুরু হয়েছিল, তার নাম রাখার আগেই সব শেষ হয়ে গেল। এখন সন্তানের মৃত্যুর বিচার চান বাবা। তাঁর চাওয়া, এমন পরিণতি যেন আর কোনো মা-বাবাকে দেখতে না হয়।