বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন ১৮ বছরের জিহাদ। পাশে থাকা সহযোগী কামরুলও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আহত অবস্থায় তখন উদ্ধারের জন্য অন্য কারও নয়, ফোন করলেন জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে।
গতকাল বুধবার গাজীপুরের কড্ডা এলাকার একটি নির্মাণাধীন পাওয়ার-প্ল্যান্টে এ ঘটনা ঘটে।
৯৯৯ নম্বরে ফোন করে কামরুল জানান, তাঁর এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
আজ বৃহস্পতিবার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে জানানো হয়। কামরুল ও তাঁর সহযোগী জিহাদ দুজন মিলে কড্ডা এলাকার একটি নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েছিলেন। এ সময় জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান। কামরুল জানান, তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন, তবে তাঁর আঘাত ততটা গুরুতর নয়।
৯৯৯ থেকে খবর পেয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা আহত দুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।