
রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘরের (মিলিটারি মিউজিয়াম) মাল্টিপারপাস হলে ‘জাস্ট এনার্জি ট্রানজিশন কনফারেন্স–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের তৃতীয় অধিবেশনের মূল বিষয় ছিল ‘লিঙ্গ-সংবেদনশীল জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা’।
অধিবেশনে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী, জাতীয় সাংস্কৃতিক পার্টির সহসভাপতি ও জাতীয় পার্টি থেকে ঢাকা-১০ আসনের প্রার্থী বহ্নি বেপারী এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
সম্মেলনে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্যসচিব শরীফ জামিল বলেন, বাংলাদেশ মূলত নদীবিধৌত ও ঘনবসতিপূর্ণ দেশ। এখানে পরিবেশগত বিপর্যয় মানেই জনপদে বড় সংকট।
শরীফ জামিল প্রার্থীদের সতর্ক করে বলেন, একটি নদী যখন দূষিত হয়, তখন একটি গ্রাম মারা যায়। আগামী দিনে পরিবেশ সংকটকে গুরুত্ব না দিলে প্রার্থীরা নিজেরাই সেই সংকটে নিপতিত হবেন।
অধিবেশনটির সভাপতিত্ব করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। নির্বাচনে নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই সবচেয়ে কম নারী মনোনয়ন পেয়েছেন। এর অর্থ আগামী সংসদে নারী সংসদ সদস্যের সংখ্যা হবে নগণ্য।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে শাহীন আনাম প্রশ্ন করেন, ‘আপনারা যদি আমাদের প্রতিনিধিত্ব না চান, তাহলে ভোট কেন চান? আপনারা মনে করেন আমরা প্রতিনিধিত্ব করতে পারি না, তাহলে আমাদের ভোটও আপনাদের দরকার নেই।’
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নী বলেন, ‘অন্য অনেক খাতে নারীদের যেভাবে দেখা যায়, জ্বালানি খাতে এখনো তেমনটা দেখা যায় না।’
বিএনপি তাদের ইশতেহারে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, বিধবা ভাতা ও বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা রেখেছে বলে তিনি জানান।
জাতীয় পার্টির প্রার্থী বহ্নি বেপারী বলেন, ‘জ্বালানি ও বিদ্যুৎ–সংকট মোকাবিলায় আমরা বায়োগ্যাস প্ল্যান্টের ওপর গুরুত্ব দিতে পারি।’
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ বলেন, ‘আমাদের ইশতেহারে পিরিয়ড লিভ এবং বেসরকারি প্রতিষ্ঠানসহ সব জায়গায় ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার কথা বলা হয়েছে।’
নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্যায়ন না হওয়া জ্বালানি খাতের পলিসি নির্ধারণে একটি বড় বাধা বলেও উল্লেখ করেন তিনি।