প্রয়োজনে ডেঙ্গুর জন্যও বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র খোলা হবে: চসিক মেয়র

চট্টগ্রাম নগরের এনায়েত বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশার ওষুধ দিচ্ছেন সিটি করপোরেশনের কর্মীরা। বিকেল ৫টা, ২৭ জুলাই
ছবি: সৌরভ দাশ

করোনার সময় যেমন বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছিল, প্রয়োজন হলে ডেঙ্গুর জন্যও এই ধরনের কেন্দ্র চালু করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুরে সিটি করপোরেশনের ৩০তম সাধারণ সভায় এই ঘোষণা দেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। নগরে নন্দনকাননের থিয়েটার ইনস্টিটিউটে সভাটি হয়।

সভায় মেয়র বলেন, নির্মাণাধীন ভবনগুলোয় সবচেয়ে বেশি মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যাতে ডেঙ্গুর প্রজননক্ষেত্র হয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে। বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার সেবা দেওয়া হচ্ছে। প্রয়োজনে সিটি করপোরেশন পরিচালিত হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক বিশেষায়িত কেন্দ্র চালু করা হবে।

মশার প্রজননস্থল চিহ্নিত করতে ড্রোন ব্যবহারের সমালোচনার বিষয়ে মেয়র বলেন, প্রযুক্তির এই যুগে পিছিয়ে থাকা যাবে না। ড্রোনের কারণে বহুতল ভবনে মশার প্রজননক্ষেত্র চিহ্নিত করা যাচ্ছে অনেক দ্রুত। সুইমিংপুল, ছাদবাগান, বারান্দায় টবে জমে থাকা পানি মশার প্রজননকেন্দ্র হয়ে উঠছে। জনসাধারণের সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

সভায় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরে প্রকল্প নিতে হলে সিটি করপোরেশনের অনাপত্তিপত্র নিতে হবে। সিটি করপোরেশন রাস্তা করবে, অন্য সংস্থা রাতের আঁধারে তা কেটে ফেলবে। এভাবে পরিকল্পিত চট্টগ্রাম করা সম্ভব নয়।

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল ঠেকাতে পুলিশের তদারকি চেয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘অবৈধ দখলবাজির কারণে ফুটপাতে মানুষ হাঁটতে পারে না। এমনকি একটি সংস্থা ফুটপাত দখল করে চশমার দোকান, খাবারের দোকান বসিয়ে ফেলেছে। আমরা সকালে উচ্ছেদ করি, দখলদারেরা সন্ধ্যায় আবার দোকান বসায়। সিএমপি (চট্টগ্রাম নগর পুলিশ) কমিশনারকে বলেছি, প্রতিটি থানায় পুনরুদ্ধার করা ভূমি সংরক্ষণে মনিটরিং করলে সাফল্য আসবে।’

সাধারণ সভায় সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু নিয়ে সভা

নগর এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা আজ চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সভায় মানুষকে সচেতন করার জন্য ওয়ার্ড পর্যায়ে গঠিত কমিটিকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া সিটি করপোরেশন পরিচালিত হাসপাতালে ৫০ শয্যা প্রস্তুত রাখারও সিদ্ধান্ত হয়। সব সরকারি ভবন ও স্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখবে এবং নিজ স্থাপনায় মশক নিধন কার্যক্রম চালাবে। সিটি করপোরেশন প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করবে। আর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণাধীন ভবনে তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

সভায় সভাপতিত্ব করেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সিভিল সার্জন কার্যালয়সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।