
‘জেল থেকে পরীক্ষা দিয়ে ছাত্রলীগ কর্মী A+ পেয়েছে, আলহামদুলিল্লাহ’—এমন ক্যাপশনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে এক ব্যক্তির ছবি ব্যবহার করে দাবি করা হয়েছে, ‘জেল থেকে পরীক্ষা দিয়ে GPA-5 পেলেন ছাত্রলীগ কর্মী জোনায়েদ’।
এতে আরও বলা হয়, নোয়াখালী জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ছাত্রলীগ কর্মী জোনায়েদ এবং তার এই অর্জন এলাকায় সাড়া ফেলেছে।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক, পঞ্চম লিংক
কোথাও কোথাও শুধু ‘জেলে থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেও GPA-5 পেলেন ছাত্রলীগের কর্মী জোনায়েদ’—এই দাবিতেও ফটোকার্ডটি প্রচার করা হচ্ছে। কিছু পোস্টে ফটোকার্ডটি ১১ আগস্ট প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ফটোকার্ডে ব্যবহৃত ব্যক্তির ছবির পেছনে নোয়াখালী জেলা কারাগারের ফটকের ছবি দেখা যায়।
লিংক: এখানে
তবে যাচাই করে দেখা যায়, জেল থেকে পরীক্ষা দিয়ে ছাত্রলীগ কর্মী জোনায়েদের জিপিএ-৫ পাওয়ার দাবিটি সত্য নয়। ফটোকার্ডে ব্যবহৃত ছবিটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
প্রথমেই ফটোকার্ডে থাকা পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিটি যাচাই করা হয়। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ১০ আগস্ট। অন্যদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড বাদে চলতি বছরের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো এখনো চলছে।
ফলে দাবি অনুযায়ী, এ বছর নোয়াখালী জেলা কারাগারে বন্দী থাকা অবস্থায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পাওয়ার তথ্যটি বাস্তবসম্মত নয়।
ফটোকার্ডে ব্যবহৃত নোয়াখালী জেলা কারাগারের ছবিটিও যাচাই করা হয়। ছবিতে কারাগারের ফটকের দুই পাশে থাকা পিলারে ‘শুভ নববর্ষ’ লেখার অংশে অসংগতি দেখা যায়। বিশেষ করে ‘শুভ’ শব্দটি বিকৃত এবং এর নিচের লেখাগুলোও অস্পষ্ট ও অস্বাভাবিক। এসব অসংগতি এআই-নির্মিত ছবির বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।
পরবর্তী সময়ে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করা হলে মূলধারার একাধিক সংবাদমাধ্যমে একই পটভূমির ছবি পাওয়া যায়। সেসব ছবিতে নোয়াখালী জেলা কারাগারের ফটকে ‘১৪৩২ বাংলা, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, নোয়াখালী জেলা কারাগার’ লেখা স্পষ্টভাবে দেখা যায়।
অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডে থাকা কারাগারের পটভূমির ছবিটি সম্পাদনা বা পরিবর্তন করা হয়েছে।
অধিকতর যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী টুল Sightengine ও Hive Moderation-এ ছবিটি বিশ্লেষণ করা হয়। উভয় টুলের ফলাফলেও ছবিটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে বলে জানায়।
এদিকে নোয়াখালী জেলা কারাগার থেকে চলতি বছরের এসএসসি বা এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে কি না, তা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ডে অনুসন্ধান করা হয়। এতে নোয়াখালী জেলা কারাগার থেকে এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর অংশ নেওয়ার বিষয়ে চলতি বছরের ২১ এপ্রিল প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।
লিংক: এখানে
প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় নোয়াখালী জেলা কারাগার থেকে মাহবুব এলাহী রাজিন নামে এক শিক্ষার্থী অংশ নেয়। সে নোয়াখালীর নোয়ান্নই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। কারাগারের অভ্যন্তরে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেওয়া হয়।
এ বিষয়ে নোয়াখালী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আ. বারেকের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নোয়াখালী কারাগার থেকে দুজন হাজতি, একজন নিয়মিত ও একজন অনিয়মিত–পরীক্ষায় অংশ নিয়েছে। তবে এইচএসসি পরীক্ষায় নোয়াখালী জেলা কারাগার থেকে কোনো আসামি পরীক্ষায় অংশ নেয়নি।
১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর মাহবুব এলাহী রাজিনের ফলাফল সম্পর্কেও অনুসন্ধান করা হয়। তার শিক্ষাপ্রতিষ্ঠান নোয়ান্নই উচ্চবিদ্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ফলাফলের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ২২৫ জন অংশগ্রহণ করে ১১২ জন কৃতকার্য হয়েছে।
লিংক: এখানে
তার মধ্যে থেকে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে ছবি ও নামসহ ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে তা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র।
তিনজন জিপিএ-৫ পাওয়া ছাত্রের নাম ও ছবি যাচাই করেও তাদের কারও সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডের ‘জোনায়েদ’ নাম বা ছবির কোনো মিল পাওয়া যায়নি।
লিংক: এখানে
এ বিষয়ে নোয়ান্নই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মাহবুব এলাহী নামের একজন শিক্ষার্থী কারাগারে থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তবে সে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং এবারের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছে।
অর্থাৎ নোয়াখালী জেলা কারাগার থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর নাম জোনায়েদ নয়, মাহবুব এলাহী। সে জিপিএ-৫-ও পায়নি; বরং একটি বিষয়ে অকৃতকার্য হয়েছে। একই সঙ্গে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলও এখনো প্রকাশিত হয়নি।