
টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও ২০২৬) দুই দিনব্যাপী পরীক্ষা পর্ব। গতকাল বুধবারের পর আজ বৃহস্পতিবার ছিল দ্বিতীয় ও শেষ দিনের পরীক্ষা। চীনের সাংহাইয়ের ঐতিহাসিক ভেন্যু সাংহাই হাইস্কুলে টানা দুই দিনের এই ধকল শেষে বাংলাদেশের লাল-সবুজের প্রতিনিধিদলের চোখেমুখে এখন স্বস্তি ও প্রত্যাশার আলো। শেষ দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে বলে জানিয়েছে তারা।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও সকাল সাড়ে আটটা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষা হয়। আজকের পরীক্ষায় তিনটি প্রশ্ন সমাধান করতে দেওয়া হয়েছিল। প্রশ্নগুলো মূলত সাজানো হয়েছিল কম্বিনেটরিকস ও জ্যামিতি মিলে একটি, বীজগণিত একটি ও সংখ্যাতত্ত্ব একটি।
টানা ২ দিনে মোট ৯ ঘণ্টার পরীক্ষা শেষে হল থেকে বের হয়েই শিক্ষার্থীরা হাঁপ ছেড়ে বাঁচে। দুই দিনের মানসিক চাপ আর শারীরিক ধকল কাটাতে পরীক্ষা শেষেই শিক্ষার্থীরা দ্রুত ছুটে যায় যার যার রুমে। আইএমওর নিয়ম অনুযায়ী, পরীক্ষা চলাকালে দলনেতা শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ দূরে অন্য একটি হোটেলে অবস্থান করেন। পরীক্ষা শেষ হওয়ার পর তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান। সেই নিয়ম মেনেই আজ পরীক্ষা শেষ হওয়ার পর বাংলাদেশ দলের কোচ ও দলনেতা ড. মাহবুবুল আলম মজুমদার শিক্ষার্থীদের আবাসন ভেন্যুতে এসে তাদের সঙ্গে দেখা করেন। শিক্ষার্থীদের মুখে পরীক্ষার অভিজ্ঞতা শোনার পর তিনি তাদের প্রশংসা করেন।
উত্তরপত্র মূল্যায়ন ও চূড়ান্ত ফলাফলের প্রক্রিয়া
আগামীকাল ১৭ জুলাই ও পরের দিন ১৮ জুলাই অনুষ্ঠিত হবে আইএমওর অন্যতম জটিল পর্ব উত্তরপত্র মূল্যায়ন বা কো–অর্ডিনেশন। এই প্রক্রিয়ায় প্রতিটি দেশের শিক্ষার্থীদের খাতাগুলো সমান্তরালভাবে দুটি পক্ষ মূল্যায়ন করবে। একদিকে থাকবেন সংশ্লিষ্ট দেশের দলনেতা (লিডার) ও উপদলনেতা (ডেপুটি লিডার), অন্যদিকে থাকবেন আয়োজকদের পক্ষ থেকে নিয়োজিত একদল অভিজ্ঞ গণিতবিদ ও মূল্যায়নকারী। উভয় পক্ষ নিজ নিজ মূল্যায়ন শেষে টেবিলে বসবেন এবং চুলচেরা বিশ্লেষণ করে প্রতিটি উত্তরের জন্য সহমত পোষণ করে নম্বর চূড়ান্ত করবেন। যদি কোনো প্রশ্নে নম্বরের অমিল থাকে, তবে যুক্তিতর্কের মাধ্যমে তা সমাধান করা হয়। এরপর চূড়ান্ত নম্বর তালিকার ওপর ভিত্তি করে সোনা, রুপা, ব্রোঞ্জ ও অনারেবল মেনশন ঘোষণা করা হবে।
ম্যাজিক্যাল সাংহাই ডিজনিল্যান্ড
স্বপ্নের হাতছানি পরীক্ষার চাপমুক্ত শিক্ষার্থীদের ক্লান্তি দূর করতে আগামীকাল শুক্রবার তাদের নিয়ে যাওয়া হবে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র সাংহাই ডিজনিল্যান্ডে। ২০১৬ সালে উন্মোচিত হওয়া এই থিম পার্কটি চীনের মূল ভূখণ্ডের প্রথম ডিজনি পার্ক, যা একই সঙ্গে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও ডিজনির জাদুকরি গল্পের এক অপূর্ব মেলবন্ধন। এখানে রয়েছে বিশ্বের বৃহত্তম ডিজনিল্যান্ড দুর্গ অ্যানচ্যানটেড স্টোরিবুক ক্যাসেল। এই পার্কের প্রধান আকর্ষণ হলো এর রোমাঞ্চকর রাইডগুলো, যার মধ্যে ট্রন লাইটসাইকেল পাওয়ার রান রোলারকোস্টারটি বিশ্বজুড়ে বিখ্যাত। এ ছাড়া পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থিমের অত্যাধুনিক প্রযুক্তির রাইড এবং ডিজনির জাদুকরি প্যারেড শিক্ষার্থীদের অন্য এক রূপকথার জগতে নিয়ে যাবে।
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ দলে রয়েছে ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান, ঢাকা ইম্পিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী, রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন, চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান ও ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান। শিক্ষার্থীদের সঙ্গে দলনেতা হিসেবে আছেন কোচ মাহবুবুল আলম মজুমদার, উপদলনেতা হিসেবে আছেন একাডেমিক সমন্বয়ক অপূর্ব কুমার এবং পর্যবেক্ষক হিসেবে আছেন সমন্বয়ক মো. বায়েজিদ ভূঁইয়া।
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়। সেখান থেকে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করা হয়। দল নির্বাচন ও সংশ্লিষ্ট একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।