
অনলাইনে পণ্য কেনার নামে প্রতারণার অভিযোগে মাহাফুজুল হক ওরফে প্রভাত (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর মডেল থানার জোনাকি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, মাহফুজ নারী সেজে ফারিয়া নামে এক মাস আগে একটি অনলাইন মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলেন। গত ২৩ ফেব্রুয়ারি সেই অ্যাকাউন্ট থেকে একটি মুঠোফোনের ফরমাশ (অর্ডার) দেন। পরদিন সেই মুঠোফোন সরবরাহ করতে আসেন পণ্যসরবরাহকারী (ডেলিভারিম্যান)।
ওসি বলেন, ফারিয়া নামে অর্ডার করলেও মুঠোফোনটি নিতে আসেন মাহফুজ। এ সময় তিনি নিজেকে ফারিয়ার ভাই পরিচয় দেন। এরপর সেই মুঠোফোন বোনকে দেখাবেন বলে বাসায় যাওয়ার নাম করে পালিয়ে যান। পরে ওই অনলাইন প্রতিষ্ঠানের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লোজড সার্কিট টিভি ক্যামেরা (সিসিটিভি) পর্যালোচনা করে মাহফুজকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।