তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আকাশ থেকে বাংলাদেশে এখন আর কুঁড়েঘর দেখা যায় না। বাস্তবিক অর্থেই দেশ থেকে কুঁড়েঘর হারিয়ে গেছে। মেঠো পথও আর দেখা যায় না। মেঠো পথ এখন কবিতাতেই সীমাবদ্ধ। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।
আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশে সফরে আসা একদল ভারতীয় সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা দুই দেশের নাগরিক বটে, কিন্তু আমরা একই পাখির কলতান শুনি, একই নদীর অববাহিকায় বেড়ে উঠি। একই মেঘ আমাদের এখানে বর্ষণ করে। কাঁটাতারের বেড়া এই বন্ধনকে বিভক্ত করতে পারেনি।’
বিরোধী দল দেশের উন্নয়ন দেখে না মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘পুরো পৃথিবী আজ বাংলাদেশের প্রশংসা করে। কিন্তু এই দেশের বিরোধী দলের রাজনীতিকেরা দেখেও দেখেন না। তাঁরা উড়ালসড়ক পার হয়েও বলেন, কোনো উন্নয়ন হয়নি। পদ্মা সেতু দিয়ে ওপারে পার হয়ে সরকারের বিরুদ্ধে বক্তৃতায় বলেন কিছু হয়নি।’
সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন ভারতের ৩৪ জন জ্যেষ্ঠ সাংবাদিক। এর মধ্যে ২৫ জন পশ্চিমবঙ্গের কলকাতার, ৯ জন আসামের গুয়াহাটির। আজ রোববার তথ্যমন্ত্রী এসব ভারতীয় সাংবাদিককে নিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির স্থান পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব পরিদর্শন করেন। পরিদর্শন শেষে চট্টগ্রামে ফিরে প্রেসক্লাবে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মোহাম্মদ রেজার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সাধারণ সম্পাদক কিংসুক প্রামাণিক, আসামের জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ কুমার গোস্বামী প্রমুখ।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক। আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানে কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, ‘অখণ্ড ভারতের স্বাধীনতাসংগ্রাম এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে চট্টগ্রামের অবদান সবার জানা। সূর্য সেন, প্রীতিলতার জন্মভূমি এই চট্টগ্রাম। আজ সেই তীর্থভূমি আমরা স্পর্শ করলাম। কোনো কাঁটাতার আমাদের আলাদা করতে পারেনি।’